বিনোদন
পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা
বিতর্কিত মন্তব্যের জেরে পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। পাকিস্তান সরকার তাকে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘সিডিউল–৪’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যা দেশটির একটি ‘কালো তালিকা’ হিসেবে পরিচিত।
ভারতীয় গণমাধ্যম মিড-ডের প্রতিবেদনে বলা হয়েছে, এই তালিকায় সাধারণত সন্ত্রাসবাদে সম্পৃক্ত বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এবার সেই তালিকায় উঠে এসেছে সালমান খানের নাম।

ঘটনার সূত্রপাত সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’ থেকে। মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নিয়েছিলেন বলিউড তারকা সালমান খান, শাহরুখ খান ও আমির খান।
আলোচনার এক পর্যায়ে সালমান বলেন, “এখন যদি এখানে (সৌদি আরবে) কোনো হিন্দি সিনেমা মুক্তি দেওয়া হয়, সেটা নিশ্চিতভাবেই সুপারহিট হবে। তামিল, তেলুগু বা মালয়ালম সিনেমাও শত কোটি রুপির ব্যবসা করতে পারে, কারণ এখানে অনেক দেশের মানুষ কাজ করেন—বেলুচিস্তান থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকেও।”

এই বক্তব্যে সালমান বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা সত্তা হিসেবে উল্লেখ করেছেন বলে অভিযোগ ওঠে। পাকিস্তান সরকার বিষয়টি সংবেদনশীল ও রাষ্ট্রবিরোধী হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়।
তবে ভারতীয় সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক নেটিজেন মনে করছেন, সালমান খানের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে; তিনি রাজনৈতিক কিছু বোঝাতে চাননি।