বিনোদন
৮৩তম ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’ পেলেন যারা
হলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’-এর ৮৩তম আসরে সেরা হয়েছে ‘হ্যামনেট’ এবং ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবি দুটি।
রোববার (১১ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে জমকালো এই আয়োজনের মাধ্যমে ২০২৬ সালের সেরা চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। কৌতুক অভিনেতা নিকি গ্লেজারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের শীর্ষস্থানীয় তারকারা।
তারকাবহুল ঝলমলে এই অনুষ্ঠানে রেড কার্পেটে পা রাখেন লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লোপেজ, ডোয়াইন জনসন এবং জ্যাকব এলোর্ডি।
তবে দক্ষিণ এশীয় দর্শকদের নজর কেড়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া জুটি।
অ্যানিমেটেড চলচ্চিত্রের দৌড়ে সবাইকে পেছনে ফেলে জয়ী হয়েছে নেটফ্লিক্সের ‘কেপপ ডেমন হান্টার্স’। আর বক্স অফিস কাঁপানো ছবি হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে ‘সিনার্স’।
টেলিভিশন ও অন্যান্য বিভাগ ছোটপর্দায় কমেডি সিরিজ হিসেবে সেরা হয়েছে ‘দ্য স্টুডিও’ এবং লিমিটেড সিরিজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ‘অ্যাডোলসেন্স’। এই সিরিজের জন্য পার্শ্ব-অভিনেতা হিসেবে পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন আওয়েন কুপার। তিনি গোল্ডেন গ্লোবের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে এই সম্মাননা পেলেন।
স্ট্যান্ড-আপ কমেডিতে আবারও নিজের জাত চিনিয়েছেন রিকি গারভাইস (মর্টালিটি)। এছাড়া আধুনিক যুগের জনপ্রিয় মাধ্যম পডকাস্ট বিভাগেও পুরস্কার ঘোষণা করা হয়েছে; যেখানে সেরা হয়েছে অ্যামি পোএহলারের ‘গুড হ্যাং উইথ অ্যামি পোএহলার’।