সারাবিশ্ব
গ্রিসে বিস্ফোরণের পর ভবন ধস, প্রাণ গেল ৬ জনের
গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর একটি ভবন ধসে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়লে ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধানে শুরু হয় উদ্ধার অভিযান।
গ্রিক সংবাদমাধ্যম প্রথো থেমার প্রতিবেদনে বলা হয়েছে, ভবন ধসের পর দেশটির ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষিত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা শনাক্ত করতে উদ্ধারকারীরা অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুরের পাশাপাশি বিশেষ জিওফোন ও ক্যামেরা ব্যবহার করেন।
দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর শনিবার ধ্বংসস্তূপ থেকে সর্বশেষ দুটি মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্য দিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ সদস্যদের পাশাপাশি বিভিন্ন আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাকৃতিক গ্যাসের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। তবে এটি এখনো নিশ্চিত নয়। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ভবন ধসের পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
ঘটনার পর দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। উদ্ধার অভিযান শেষ হলেও ভবনটির কাঠামোগত অবস্থা ও বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।