সারাবিশ্ব
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব
হুথিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবের তিন গুরুত্বপূর্ণ শহর মক্কা, তায়েফ ও জেদ্দায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জারি করা এ সতর্কতায় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থার মাধ্যমে এসব সতর্কতা জারি করা হয়েছে। তবে ঠিক কী ধরনের বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।
সতর্কবার্তায় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরে জানালা থেকে দূরে কোনো কক্ষে অবস্থান করতে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। বাইরে থাকা ব্যক্তিদের নিকটস্থ ভবনে প্রবেশ অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে।
গাড়িচালকদের সতর্কতা পাওয়ার পর সেতু ও উঁচু ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি মাধ্যমে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাত বেড়েছে। গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে হুথিরা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি বাহিনী।