সারাবিশ্ব
উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস
যুক্তরাজ্যে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সফর উপলক্ষে উইন্ডসর ক্যাসেলে এক নৈশভোজের আয়োজন করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। অনুষ্ঠানে রানী ক্যামিলাসহ দুই দেশের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। ওমানের সুলতানকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়ার সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি বিখ্যাত হাদিস উদ্ধৃত করেন রাজা চার্লস। এ সময় তিনি ওমানের মানুষের আচরণ ও শান্তির প্রতি অনুরাগের প্রশংসা করেন।
বক্তব্যে ওমানের মানুষের চমৎকার আচরণের কথা তুলে ধরে রাজা চার্লস মহানবী (সা.)-এর বাণী উল্লেখ করে বলেন, ‘যদি তোমরা ওমানের মানুষের কাছে যেতে, তারা তোমাদের কখনোই গালি দিত না কিংবা আঘাত করত না।’ মহানবীর এই বাণী উদ্ধৃত করে তিনি বলেন, যুগ যুগ ধরে ওমানের মানুষ তাদের শান্তিপ্রিয় স্বভাব ধরে রেখেছে, যা বিশ্বের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
যুক্তরাজ্য ও ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে রাজা চার্লস আরও বলেন, যুদ্ধ ও সংঘাতের এই সময়ে ওমান সবসময় আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখতে ভূমিকা রেখেছে। বিশেষ করে সমুদ্রপথে বিশ্ববাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির প্রচেষ্টা প্রশংসনীয়।
তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের দৃঢ় সম্পর্কের ফলে বিশ্ব আরও নিরাপদ হয়ে উঠবে এবং ভবিষ্যতেও ওমান যুক্তরাজ্যের বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে।
সূত্র: ওমান অবজারভার