সারাবিশ্ব
গাজায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪
উত্তর গাজার বেইত হানুন এলাকায় সড়কের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রাত ১০টার কিছু পর উত্তর গাজার বেইত হানুন এলাকায় পদাতিক অভিযানের সময় পায়ে হেঁটে চলা সেনাদের লক্ষ্য করে রাস্তার ধারে পুঁতে রাখা একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত ও আহত হন।
নিহত সেনাদের মধ্যে দুজনের নাম প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন—স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০)। দুজনই জেরুজালেমের বাসিন্দা এবং নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন। অন্য নিহত সেনাদের নাম পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
বিস্ফোরণের পরপরই আহত সেনাদের উদ্ধারে অভিযান শুরু হয়, এ সময় ওই এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। আহত ১৪ সেনার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আইডিএফ।
সামরিক বাহিনী আরও জানায়, সেনাদের অভিযানের আগে ওই এলাকায় বিমান হামলা চালানো হয়েছিল। তারপরও বেইত হানুনে চলমান স্থল অভিযানের সময় এই হামলার মুখে পড়তে হয়েছে।
নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়ন বর্তমানে গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে যৌথ অভিযানে রয়েছে। তাদের মূল লক্ষ্য—উত্তর গাজায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করা।