সারাবিশ্ব

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত ৮৬, আহত প্রায় ৫০০


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:২১ এএম

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত ৮৬, আহত প্রায় ৫০০
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় একদিনে আরও অন্তত ৮৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪৯২ জন।

মঙ্গলবার (২৬ আগস্ট) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫৮ জন বোমা হামলায় প্রাণ হারান, আর বাকি ২৮ জন খাদ্য সংগ্রহের সময় এলোপাতাড়ি গুলিতে নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তবে পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।

এরপর থেকে টানা অভিযানে এখন পর্যন্ত গাজার অন্তত ৬২ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ। চলমান সংঘাত বিশ্বজুড়ে মানবিক বিপর্যয়ের গভীর উদ্বেগ তৈরি করেছে।