সারাবিশ্ব

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছে ভারত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছে ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষণেও স্থান পেয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার পর এখন দেশজুড়ে চলছে কেন্দ্রভিত্তিক ভোট গণনা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বাংলাদেশের নির্বাচনের ফলাফলের দিকে নজর রেখেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, যাতে বোঝা যায় ভোটাররা কী ধরনের জনসমর্থন দিয়েছেন। এরপর আমরা পরিস্থিতি মূল্যায়ন করব।”

তিনি আরও বলেন, “ভারত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে।”

এদিকে, নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক বজায় রাখা দলটির অগ্রাধিকার। এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ।”

সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিতর্কে তিনি বলেন, “বাংলাদেশে সব নাগরিকই সমান। আমরা কখনো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজনকে সমর্থন করি না।” তিনি আরও জানিয়েছেন, নির্বাচনের পর পরিস্থিতি বিবেচনা করে ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।