সারাবিশ্ব

স্ত্রীকে ফিরে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বাংলাদেশি যুবক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম

স্ত্রীকে ফিরে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বাংলাদেশি যুবক
ছবিঃ সংগৃহিত

ভালোবেসে বিয়ে করেছিলেন বাংলাদেশি তরুণ-তরুণী। কিন্তু তরুণীর পরিবার তা মানতে পারেননি। বিয়ের একমাসের মাথায় মেয়েকে জোর করে ভারতে পাঠিয়ে দেয় পরিবার। এরপর স্ত্রীকে ফিরে পেতে কলকাতায় বিভিন্ন জায়গায় চেষ্টা করেন অরিজিৎ সরকার।

শেষ পর্যন্ত সোমবার (০৯ মার্চ) কলকাতা হাইকোর্টের দারস্থ হন তিনি।

স্থানীয়রা জানায়, ওই দম্পতির নাম অরিজিৎ এবং মমি সাহা। তাদের বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলায়। তবে তাদের আত্মীয়স্বজন অনেকেই ভারতীয় নাগরিক।
 
স্ত্রীকে ফিরে পেতে মঙ্গলবারও কলকাতা হাইকোর্টে আসেন ব্যবসায়ী অরিজিৎ। তিনি বলেন, দুই বছর প্রেমের পর মমির পরিবার সম্পর্ক মেনে নিচ্ছিল না, তাই বাধ্য হয়ে আমরা পালিয়ে বিয়ে করি। কিন্তু গত বছরের অক্টোবরে মমির বাবা-মা জোর করে তাকে সীমান্ত পেরিয়ে ভারতে আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেয়। 

তার দাবি, স্ত্রী তাকে জানায়- কলকাতার বিরাটি এলাকায় পলি সাহা ও উত্তম সাহার বাড়িতে তাকে আটকে রাখা হয়েছে। ভারতে আসার ১৫ দিন পর অরিজিতের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় মমির। এরপর থেকে কোনো খোঁজ পাননি স্ত্রীর। সেজন্য কলকাতায় এসে স্ত্রীর খোঁজ করছেন তিনি। 

অরিজিৎ আরও বলেন, ৩ জানুয়ারি ভারতে আসি আমি। পরের দিন বিরাটিতে স্ত্রীকে আনতে যাই। কিন্তু সেখানে তাদের পরিবারের লোকজন আমাকে বেধড়ক মারধর করে। এরপর নিমতা থানায় একাধিকবার যোগাযোগ করি। কিন্তু পুলিশ আমার অভিযোগ নেয়নি।  

তিনি জানান, পরে আইনজীবী মুকুল বিশ্বাসের সহায়তায় নিমতা থানার আইসির সঙ্গে যোগাযোগ করা হয়। তবুও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমনকি এফআইআরও করেনি পুলিশ। তাই স্ত্রীকে ফিরে পেতে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। এ ঘটনায় মামলা করা হয়েছে। আগামী ১৭ মার্চ  মামলার শুনানি হবে।