সারাবিশ্ব
শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং।
আজ শুক্রবার (১০ এপ্রিল) রাজধানী নেপিদোয় দেশটির পার্লামেন্টে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৬৯ বছর বয়সি মিন হ্লাইং বলিষ্ঠ কণ্ঠে শপথ গ্রহণ করেন।
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ৫ বছর আগে নোবেলজয়ী অং সান সুচির বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন তৎকালীন সেনাপ্রধান হ্লাইং।
২০২১ সালের ওই ঘটনার প্রতিবাদে মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়, যা আজও চলছে। প্রায় অর্ধ-দশক বিশেষ অধ্যাদেশের মাধ্যমে সরকারের নেতৃত্ব দেওয়ার পর জানুয়ারিতে সাধারণ নির্বাচনের আয়োজন করেন হ্লাইং।
তবে এতে অংশ নেওয়ার সুযোগ পায়নি সুচির দলসহ বেশ কয়েকটি জনপ্রিয় রাজনৈতিক দল। মূলত, সাবেক সেনাসদস্য ও সেনাবাহিনীর মিত্ররাই এই একপেশে নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন।