সারাবিশ্ব

আফগানিস্তানে পিকনিক স্পটে হামলা, নিহত ১১


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম

আফগানিস্তানে পিকনিক স্পটে হামলা, নিহত ১১
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে একটি বিনোদনস্থলে সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে।

শুক্রবার (১০ এপ্রিল) এনজিল জেলার দেহ মেহরি গ্রামে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুরুতে চারজন নিহতের তথ্য পাওয়া গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও সাতজন মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত বন্দুকধারীরা পিকনিক করতে আসা সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। শুক্রবার হওয়ায় ঘটনাস্থলে মানুষের উপস্থিতি বেশি ছিল বলে জানা গেছে।

স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, নিহতরা সবাই শিয়া মুসলিম এবং তারা একটি মাজারে বেড়াতে গিয়েছিলেন। আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া সম্প্রদায় অতীতেও বারবার সহিংস হামলার শিকার হয়েছে।

তালেবান প্রশাসনের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি জানান, স্থানীয় সময় বিকেল তিনটার দিকে এ হামলা হয়। ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের মধ্যে নারীও রয়েছে, যাদের হেরাত আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বলেন, হামলার স্থানটি শিয়া অধ্যুষিত এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ মাজার রয়েছে, যেখানে প্রতিদিন বহু মানুষ জিয়ারত করতে আসেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে একজন সন্দেহভাজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।