সারাবিশ্ব
ইরানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিহত ৮
ইরানের একটি ব্যস্ত শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩৬ জন।
মঙ্গলবার (৫ মে) তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আন্দিশেহ শহরের আরঘাভান কমার্শিয়াল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, বহুতল এই বাণিজ্যিক ভবনটিতে ২৫০টিরও বেশি দোকান ছিল। আগুন লাগার পর দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)-এর প্রতিবেদনে বলা হয়, আন্দিশেহ দমকল বিভাগের প্রধান আলী পাইদারান জানিয়েছেন, বিকেলে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। ভবনের বাইরের অংশে ব্যবহৃত দাহ্য উপকরণ আগুন দ্রুত বিস্তারে বড় ভূমিকা রাখে।
অন্যদিকে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, উদ্ধারকাজে সাতটি বিশেষায়িত দল ও অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবন থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।