সারাবিশ্ব

‘হানিমুন’ করতে প্রতিবছর ৭৫ হাজার সাপ কানাডায় যায়


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:২৪ পিএম

‘হানিমুন’ করতে প্রতিবছর ৭৫ হাজার সাপ কানাডায় যায়
ছবি: সংগৃহীত

কানাডার ম্যানিটোবা প্রদেশের নারসিস শহরে প্রতিবছর ঘটে এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা। বসন্ত মৌসুম এলেই সেখানে একসঙ্গে জড়ো হয় প্রায় ৭৫ হাজার লাল ডোরাকাটা ইস্টার্ন গার্টার সাপ। এ দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও গবেষকরা ছুটে যান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নারসিস শহরটি এখন ‘সাপের হানিমুন স্পট’ নামেও পরিচিত। প্রতি বছর মার্চ থেকে জুনের মধ্যে শীত শেষে এসব সাপ ভূগর্ভস্থ চুনাপাথরের গুহা থেকে বেরিয়ে আসে।

গবেষকদের তথ্য অনুযায়ী, প্রথমে পুরুষ সাপগুলো গর্ত থেকে বের হয়ে স্ত্রী সাপের অপেক্ষা করে। পরে স্ত্রী সাপ বের হলে তাকে ঘিরে শত শত পুরুষ সাপ মিলনের চেষ্টা চালায়। বিজ্ঞানীরা এ আচরণকে ‘মেটিং বল’ নামে অভিহিত করেন। দূর থেকে এটি বিশাল এক চলমান সাপের গোলকের মতো দেখায়।

বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর খুব কম জায়গাতেই এত বিপুলসংখ্যক সাপকে কাছ থেকে একসঙ্গে দেখা যায়। এ কারণে এলাকাটি জীববিজ্ঞানী ও বন্যপ্রাণী গবেষকদের কাছেও বিশেষ গুরুত্ব বহন করে।

তবে সাপগুলোর চলাচল নিরাপদ রাখতে স্থানীয় প্রশাসন ও পরিবেশবিদদেরও কাজ করতে হয়েছে। কারণ নারসিস এলাকার পাশ দিয়ে যাওয়া মহাসড়কে অতীতে বহু সাপ যানবাহনের চাপায় মারা যেত। পরে সড়কের নিচে বিশেষ টানেল ও সুরক্ষা বেড়া নির্মাণ করা হলে সাপ মৃত্যুর ঘটনা অনেকটাই কমে আসে।