সারাবিশ্ব

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:১৯ এএম

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা
ছবি: সংগৃহীত

কানাডার ভিক্টোরিয়া শহরে একটি মসজিদের ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারী ইসলামবিদ্বেষী মন্তব্য করতে করতেই এ হামলা চালায় বলে জানা গেছে। খবরটি প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

কানাডিয়ান মুসলিমদের জাতীয় পরিষদ (এনসিসিএম) শনিবার এক বিবৃতিতে জানায়, বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিম বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ শেষে নিজের গাড়িতে বসেছিলেন। এ সময় এক ব্যক্তি জোরপূর্বক গাড়ির দরজা খুলে তার ওপর শারীরিকভাবে হামলা চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, হামলাকারী এ সময় ইসলামবিদ্বেষী গালিগালাজ করে এবং ইমামকে “নিজের দেশে ফিরে যেতে” বলে চিৎকার করতে থাকে।

এনসিসিএম জানায়, ঘটনার পর গত ৪৮ ঘণ্টা ধরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।

সংস্থাটি এই হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে জানায়, একজন ধর্মীয় নেতাকে এভাবে লক্ষ্যবস্তু বানানো সমাজে ইসলামবিদ্বেষের ক্রমবর্ধমান ঝুঁকিরই ইঙ্গিত দেয়।

তারা আরও জানায়, মুসলিমবিরোধী সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে এবং রাজনৈতিক ও সামাজিক নেতাদের এ ধরনের হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনসিসিএম আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ঘটনাটি ঘৃণাজনিত অপরাধ কি না তা তদন্তের আহ্বান জানিয়েছে এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

তবে হামলার পর ইমামের শারীরিক অবস্থা বা হামলাকারীর বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।