সারাবিশ্ব
এক কেজি পেঁয়াজও বাংলাদেশে যাবে না : বিজেপি নেতা শুভেন্দু
ময়মনসিংহে নৃশংসভাবে খুন হওয়া হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার বিচার ও বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি নির্যাতনের ঘটনা প্রসঙ্গে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও আগামী বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।
বিক্ষোভের সময় শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে বলেছেন, “দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হলে ভারত থেকে এক কেজি পেঁয়াজও বাংলাদেশে যাবে না। বদলা চাই।” এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়েছে, শুভেন্দু এ সময় আরো বলেন, “পুরো দুনিয়ার হিন্দু এক হোক। হরগোবিন্দ দাস ও চন্দন দাসের সঙ্গে যা ঘটেছিল, তা দীপু চন্দ্র দাসের সঙ্গে হয়েছে। হিন্দুরা জেগে উঠেছে, আমরা বদলা নেবই।”
এর আগে, বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনকে কেন্দ্র করে ঢাকায় ভারতবিরোধী বিক্ষোভ হয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে ২০ ডিসেম্বর ২০-২৫ জন ভারতীয় বিক্ষোভ করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ওই সময় বলেন, “দিল্লিতে হাইকমিশনের নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে। হাইকমিশনের এত কাছাকাছি বিক্ষোভকারীরা কীভাবে গেল? হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।”
আজ কলকাতার পাশাপাশি আগরতলা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং ভিসা সেন্টারে ভাঙচুর ও তালা লাগানোর ঘটনা ঘটে। কলকাতায় প্রায় ২০০ মিটার দূরে পুলিশের ব্যারিকেডে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন মিছিল আটকা পড়ে। তবে তিনি পুনরায় ২৬ ডিসেম্বরও একই স্থানে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন।
এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে, যখন বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন এবং পশ্চিমবঙ্গে আগামী মার্চ-এপ্রিলের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি হয়ে লড়বেন শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিদ্বন্দ্বিতা করবেন।