সারাবিশ্ব

পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০২:৪৭ পিএম

পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের বন্দরনগরী করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ–এর বরাতে এ তথ্য জানা গেছে। অন্যদিকে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রোববার সকালে খামেনির মৃত্যুসংবাদ প্রকাশের পর থেকেই করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে শত শত ইরানপন্থি বিক্ষোভকারী জড়ো হতে শুরু করেন।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা দূতাবাস চত্বরে প্রবেশের চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একদল যুবক প্রধান গেট টপকে কনস্যুলেট ভবনের সামনে পৌঁছে যায় এবং ভবনের কিছু জানালার কাচ ভাঙচুর করে।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাওয়াদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধাসামরিক বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে। সংঘর্ষের মধ্যেই হতাহতের এই ঘটনা ঘটে।

ঘটনার পর করাচিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোর আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।