সারাবিশ্ব
টানেল থেকে বেরিয়ে ব্রিজের ওপর আছড়ে পড়ল গাড়ি, নিহত ১
ভারতের হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটন এলাকা অটল টানেলের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। অতিরিক্ত গতির কারণে পাহাড়ি সড়কে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তি কৈলাশ (৩৪) রাজস্থানের সিকার জেলার বাসিন্দা। আহতরা হলেন উত্তর প্রদেশের লখিমপুরের আদিত্য, রাজস্থানের রাজেন্দ্র এবং গাড়িচালক সিদ্ধার্থ। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩০ জুন রাতে চার বন্ধু মানালি থেকে লাহুলের উদ্দেশে রওনা দেন। রাত প্রায় ১০টার দিকে অটল টানেলের উত্তর প্রান্ত অতিক্রম করার কিছুক্ষণ পরই তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতির কারণে পাহাড়ি সড়কের একটি বাঁক নিরাপদে অতিক্রম করতে পারেননি চালক। এতে গাড়িটি রাস্তা থেকে ছিটকে চন্দ্রা নদীর দিকে চলে গিয়ে নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। প্রচণ্ড সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও উদ্ধারকারী দল। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলেও কৈলাশকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার পর পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে হিমাচল প্রদেশ পুলিশ। বর্ষাকালে বিশেষ করে রাতের সময় পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো এবং বৃষ্টির সময় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ আরও জানায়, বর্ষাকালে বৃষ্টির কারণে পাহাড়ি সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। অনেক সময় ঘন কুয়াশা ও দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। তাই নিরাপদ ভ্রমণের স্বার্থে যান চলাচলসংক্রান্ত নির্দেশনা ও গতিসীমা কঠোরভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতি বছর মানালি ও লাহুল-স্পিতি অঞ্চলে দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণে যান। সাম্প্রতিক এ দুর্ঘটনা বর্ষা মৌসুমে পাহাড়ি সড়কে নিরাপদ ভ্রমণের প্রয়োজনীয়তা আবারও সামনে নিয়ে এসেছে।