সারাবিশ্ব

২৫ দিনের অনশনে ১১ কেজি ওজন কমেছে, হাসপাতাল থেকে যা বললেন ওয়াংচুক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম

২৫ দিনের অনশনে ১১ কেজি ওজন কমেছে, হাসপাতাল থেকে যা বললেন ওয়াংচুক
ছবি: সংগৃহীত

ভারতের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক জানিয়েছেন, তিনি এখনো জীবিত ও সুস্থ আছেন এবং দ্রুতই স্বাভাবিক কাজে ফিরতে চান। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগ, মামলা কিংবা শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট আশ্বাস পেলেই তিনি চলমান অনশন ভাঙবেন।

বুধবার গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতাল থেকে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা জানান।

সোনম ওয়াংচুক বলেন, টানা ২৫ দিনের অনশনে তার প্রায় ১১ কেজি ওজন কমেছে। শরীরের পেশিও অনেকটা ক্ষয় হয়েছে। এরপরও নিজের শারীরিক অবস্থাকে ভালো বলেই উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘আমি এখনো বেঁচে আছি। আজ আমার অনশনের ২৫তম দিন। আমার ওজন প্রায় ১১ কেজি কমেছে, পেশিও কমে গেছে। তবুও আমি ভালো আছি।’

তিনি আরও বলেন, ‘আমি আবার কাজে ফিরতে চাই। তবে সরকারের কাছে আমার অনুরোধ, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আর বলপ্রয়োগ করা হবে না এবং তাদের নামে কোনো মামলা করা হবে না এমন আশ্বাস দেওয়া হোক। সেই আশ্বাস পেলে আজই আমি অনশন ভাঙব। আর আশ্বাস না পেলে আমাকে অনশন চালিয়ে যেতে হবে।’

সোনম ওয়াংচুক জানান, ‘চলো সংসদ’ কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের পরই তিনি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।