সারাবিশ্ব
উড্ডয়নের পরই ধোঁয়া, গুজরাটে জরুরি অবতরণ ইন্ডিগোর দুবাইগামী ফ্লাইট
ভারতের গুজরাট রাজ্যে জরুরি পরিস্থিতিতে অবতরণ করেছে ইন্ডিগো এয়ারলাইন্স-এর একটি দুবাইগামী উড়োজাহাজ। বিমানের কেবিনে ধোঁয়া শনাক্ত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি রাজকোট বিমানবন্দরে নামানো হয়।
আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার ১৯৪ জন যাত্রী নিয়ে ভারতের মুম্বাই থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। ফ্লাইট নম্বর ছিল ৬ই ১৪৫২।
উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটির কার্গো অংশ থেকে ধোঁয়া বের হতে দেখেন এক ক্রু সদস্য। বিষয়টি দ্রুত পাইলটকে জানানো হলে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে গুজরাটের রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।
অবতরণের পর বিমানের সব ১৯৪ জন যাত্রীই নিরাপদে ছিলেন। পরে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে ইন্ডিগো এয়ারলাইন্স।
তবে ঠিক কী কারণে কার্গো অংশ থেকে ধোঁয়া উঠেছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।
ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স দেশীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করছে। বর্তমানে ভারতের প্রায় ৮০টি এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
সূত্র : গালফ নিউজ