সারাবিশ্ব
প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত চীনের পূর্বাঞ্চল, নিরাপদ আশ্রয়ে ১০ লাখ মানুষ
চীনের পূর্ব উপকূলে শক্তি বাড়িয়ে তাণ্ডব চালিয়েছে প্রলয়ঙ্করী টাইফুন ‘ডলফিন’। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি বেগের ঝোড়ো বাতাস ও অতিভারী বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তাল সমুদ্র এবং নদ-নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় উপকূলীয় অঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ান শহরের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানে টাইফুনটি। আঘাত হানার সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি। ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি ও উত্তাল ঢেউ সৃষ্টি হওয়ায় চীনজুড়ে সর্বোচ্চ সতর্কতা হিসেবে ‘লাল সতর্কতা’ জারি করেছে কর্তৃপক্ষ।
পাহাড়ি ও উপকূলীয় এলাকায় ভূমিধস এবং আকস্মিক বন্যার আশঙ্কায় ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু ওয়েনঝৌ শহর থেকেই প্রায় ৯ লাখ মানুষকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। তাদের জন্য এক হাজারের বেশি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
টাইফুনের প্রভাবে চীনের যোগাযোগব্যবস্থাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সাংহাইয়ের হংকিয়াও ও পুডং বিমানবন্দরের ১ হাজার ৪০০টির বেশি এবং হাংঝৌ বিমানবন্দরের ২৭০টি উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় দুই শতাধিক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত শত শত জাহাজও নিরাপদ বন্দরে ফিরিয়ে নেওয়া হয়েছে।
চীনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশটির বিভিন্ন এলাকায় ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অতিরিক্ত বৃষ্টিতে সাংহাই, ফুজিয়ান, আনহুই ও জিয়াংসু প্রদেশের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যেতে পারে। এতে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।