সারাবিশ্ব

ইরানি হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় জানাল পেন্টাগন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

ইরানি হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় জানাল পেন্টাগন
ছবি: সংগৃহীত

জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলায় নিহত দুই মার্কিন সেনাসদস্যের পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

নিহতরা হলেন- ২৫ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং ১৯ বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস। প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, টেক্সাসের বাসিন্দা গঞ্জালেস গত শুক্রবার (১৭ জুলাই) হামলায় নিহত হন। অপরদিকে হাওয়াই থেকে দায়িত্বে যোগ দেওয়া ফিহান শনিবার আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিশন শেষে দেশে ফিরে বিয়ে করার পরিকল্পনা ছিল তার।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে শনিবার (১৮ জুলাই) এ হামলার দায় স্বীকার করে। পেন্টাগনও নিশ্চিত করেছে, সরাসরি শত্রুপক্ষের হামলায় তাদের মৃত্যু হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এ হামলায় আরও কয়েকজন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ড্রোন নিষ্ক্রিয়করণ ও নিখোঁজ সেনাদের অবশিষ্টাংশ উদ্ধারের ঘটনাতেও হতাহতের সংখ্যা বেড়েছে।

গত মার্চের পর এই প্রথম ইরানি হামলায় মার্কিন বাহিনীর প্রাণহানির ঘটনা ঘটল। প্রায় পাঁচ মাস ধরে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ১৭ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে কিছুটা স্থিরতা থাকলেও গত সপ্তাহ থেকে পরিস্থিতি আবারও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, আর ইরানও পাল্টা আঘাত হানছে বিভিন্ন আঞ্চলিক লক্ষ্যবস্তুতে।

তবে উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনার পথ এখনো খোলা রয়েছে। ইরানের পক্ষ থেকেও আলোচনায় আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাসদস্যদের মৃত্যুকে অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন।

সূত্র: সিএনএন।