আইন আদালত

বিএনপির কেন্দ্রীয় নেতা মামুন হাসান কারাগারে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০২:২২ পিএম

বিএনপির কেন্দ্রীয় নেতা মামুন হাসান কারাগারে
বিএনপির কেন্দ্রীয় নেতা মামুন হাসান কারাগারে। ছবি: সংগৃহীত

চার মামলায় দণ্ডিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। তবে পৃথক চার আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ৮ নভেম্বর মিরপুর মডেল থানার দ্রুত বিচার আইনের দুটি মামলায় মামুন হাসানকে তিন বছর করে কারাদণ্ড, প্রতিটিতে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের সাজা দেওয়া হয়। একই বছরের ১২ নভেম্বর আরেক মামলায় পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা (অনাদায়ে এক মাস) দেওয়া হয়।

এর আগে ২০২৩ সালের ২৬ অক্টোবর মিরপুর মডেল থানার আরেক মামলায় দেড় বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা (অনাদায়ে এক মাস) পান তিনি।