আইন আদালত

ব্রেইন ক্যান্সারে না ফেরার দেশে শিক্ষক ও লেখক ইফতেখার মাহমুদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০২:২৬ পিএম

ব্রেইন ক্যান্সারে না ফেরার দেশে শিক্ষক ও লেখক ইফতেখার মাহমুদ
ইফতেখার মাহমুদ। ছবি: সংগৃহীত

বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইফতেখার মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর একটি হাসপাতালে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জনপ্রিয় এই আইনের শিক্ষকের মৃত্যুতে আইনজীবী, শিক্ষার্থী ও আইন অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফতেখার মাহমুদকে স্মরণ করে, তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।

তার বন্ধু সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব ফেসবুকে লিখেছেন, “প্রিয় বন্ধু ইফতেখার মাহমুদের চিরবিদায়। গত এক বছর ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করে শেষে হেরে গেলো। মূলত আইন পড়ানো, আইন ও সাহিত্যের বই লেখা, এবং পাবলিক লেকচার দেওয়ার মাধ্যমে সে দেশের আইন অঙ্গন, মিডিয়া ও সমাজে একজন সুবক্তা ও প্রজ্ঞাবান লেখক হিসেবে পরিচিতি পেয়েছিলো। প্রবল মেধাবী ইফতেখার বিসিএস ক্যাডার হয়েও সেটি ছেড়ে দিয়ে বেছে নিয়েছিলেন শিক্ষকতা ও সাহিত্যচর্চার জীবন।”

তিনি আরও লেখেন,“এই ক্লেদাক্ত শহরেও সে জ্ঞানচর্চার এক অনন্য জীবন গড়ে তুলেছিলো। ওর বই ও লেখাগুলো অমর হয়ে থাকবে। পরিবারের সকল সদস্য, বিশেষ করে একমাত্র মেয়ে মনীষাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না।”

ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ও মডেল মৌরি মাহদী ফেসবুকে লিখেছেন, “আইনের বই পড়া প্রথম যার হাত ধরে শুরু হয়েছিল, তিনি আমাদের প্রিয় শিক্ষক ও লেখক ইফতেখার মাহমুদ স্যার। প্রথম দিন ক্লাসে দেরি করায় স্যার বলেছিলেন— যখন বাংলায় কথা বলবেন, তখন বাংলায় শেষ করার চেষ্টা করবেন। সেদিন থেকে শুরু হয়েছিল স্যারকে অনুকরণের পর্ব। আমি আজ যতটুকু সাবলীলভাবে কথা বলি, তার পুরো কৃতিত্ব স্যারের।”

তিনি আরও লিখেছেন,“আইন শিক্ষার সঙ্গে জীবনের শৃঙ্খলা ও ধারাবাহিকতা শিখেছি তাঁর কাছ থেকে। আপনার চলে যাওয়া মেনে নিতে পারছি না স্যার। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন, আর মনীষা ও ম্যাডামকে এই শোক সইবার শক্তি দিন।”

অন্যদিকে সাবেক শিক্ষার্থী পুস্পিতা দে লিখেছেন,“কিছুতেই মেনে নিতে পারছি না আমাদের প্রিয় ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক ইফতেখার মাহমুদ স্যার আর আমাদের মাঝে নেই। তিনি শুধু আইন শেখাননি, জীবনের ন্যায়বোধও শিখিয়েছিলেন। আপনার ক্লাস, কথা, হাসি—সব মনে থাকবে চিরকাল। প্রিয় স্যার, ওপারে ভালো থাকবেন।”

বিসিএস ক্যাডার হয়েও প্রশাসনিক চাকরি ছেড়ে শিক্ষকতা ও সাহিত্যচর্চায় নিজেকে নিবেদিত করেছিলেন ইফতেখার মাহমুদ। আইন ও সাহিত্য বিষয়ে তার লেখা বই ও কলাম তরুণ প্রজন্মের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ছিল।

তার মৃত্যুতে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।