জাতীয়

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রিয়াদ ‘ছাত্র প্রতিনিধি’ নন - স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৭:০৩ পিএম

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রিয়াদ ‘ছাত্র প্রতিনিধি’ নন - স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ‘ছাত্র প্রতিনিধি’ নন—এমন দাবি করে প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদে দাবি করা হয়েছে, গ্রেপ্তার রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন ছাত্র প্রতিনিধি। তবে এমন কোনো পরিচয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেই, এটি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মিথ্যা।

বিবৃতিতে আরও বলা হয়, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। এমন কর্মকাণ্ডের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।”

এছাড়াও, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলেও জানিয়ে মন্ত্রণালয় বলেছে, দায়িত্বশীল সংবাদ পরিবেশনের স্বার্থে ভবিষ্যতে আরও সতর্কতা ও তথ্য যাচাইয়ের প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত আব্দুর রাজ্জাক রিয়াদকে সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই সামাজিকমাধ্যমে তাকে ‘ছাত্র প্রতিনিধি’ হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়ায় কিছু সূত্র।