জাতীয়

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই মিলবে পুরস্কার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই মিলবে পুরস্কার
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই ব্যক্তির বিষয়ে তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোরালো অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। প্রকাশিত ছবির ওই ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে। তার পরিচয় বা অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য পেলে দ্রুত ৯৯৯ নম্বরে অথবা নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের নম্বরগুলো হলো- ডিসি (মতিঝিল): ০১৩২০০৪০০৮০ এবং ওসি (পল্টন): ০১৩২০০৪০১৩২

পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

হাদির শারীরিক অবস্থা নিয়ে শুক্রবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান সাংবাদিকদের জানান, গুলিটি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে গিয়ে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেমে মারাত্মক ক্ষতি করেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’।

তিনি আরও জানান, হাদি এখনো অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। আগামী ৭২ ঘণ্টা তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। বর্তমানে তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং এই অবস্থায় নতুন কোনো চিকিৎসা হস্তক্ষেপ করা সম্ভব নয়।