জাতীয়

৪৪ বছর পর একই ইতিহাসের পুনরাবৃত্তি: জিয়ার ময়দানেই বেগম জিয়ার বিদায়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পিএম

৪৪ বছর পর একই ইতিহাসের পুনরাবৃত্তি: জিয়ার ময়দানেই বেগম জিয়ার বিদায়
ছবি: সংগৃহীত

ইতিহাসের এক অদ্ভুত সমান্তরাল পথচলা। ৪৪ বছর আগের সেই বিষাদময় স্মৃতি আর লাখো মানুষের কান্নার রোল যেন আবার ফিরে এলো ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে।

১৯৮১ সালের ২ জুন, যে ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে জানাজা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ঠিক সেই একই স্থানে অনুষ্ঠিত হচ্ছে তাঁর সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল কর্মকর্তার ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই বছরের ২ জুন মানিক মিয়া অ্যাভিনিউতে জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে সংসদ ভবনের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। শেষযাত্রায় ঐতিহাসিক জনসমাগম হয়েছিল। ঢাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জানাজায় অংশ নিয়েছিল।

স্বামীর মৃত্যুই তাকে রাজনীতিতে টেনে আনে। কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই বিএনপির দায়িত্ব নেন তিনি। রাজপথের সংগ্রামের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন। দলকে নির্বাচনে জিতিয়ে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের প্রথম নারী সরকারপ্রধান হিসাবে ইতিহাসে স্থান পান।