জাতীয়

নির্বাচন কমিশনে অষ্টম দিনের আপিল শুনানি শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

নির্বাচন কমিশনে অষ্টম দিনের আপিল শুনানি শুরু
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংক্রান্ত আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। আজ ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি গ্রহণ করা হচ্ছে। আগামীকাল ১৮ জানুয়ারি আপিল শুনানির শেষ দিন নির্ধারিত রয়েছে।

এর আগে শুক্রবার কমিশনে জমা পড়া ৪৩টি আপিল আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল গ্রহণ করা হয়, আর ১৭টি আবেদন খারিজ করা হয়। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিলও নামঞ্জুর করেছে কমিশন। বাকি ৪টি আপিল আবেদন শুনানি শেষে অপেক্ষমাণ রাখা হয়েছে।

সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।