জাতীয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় এনসিপির প্রতিনিধিদল
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন তারা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা।
এর আগে এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণসহ বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এনসিপি নেতারা।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি সপরিবারে যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর পরদিন রোববার (১৮ জানুয়ারি) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধিদল।