জাতীয়

পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম

পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা
মো. মশিউর রহমান রাঙ্গা। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব মো. মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ অনুযায়ী, কুড়িগ্রাম–২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের কাছ থেকে তিনি মোট ১ কোটি ৭০ লাখ টাকা গ্রহণ করেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়িক কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও রাঙ্গা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পনির উদ্দিন আহমেদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন। অর্থ লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে টাকা স্থানান্তর ও আড়াল করার চেষ্টা করা হয়েছে।

অনুসন্ধানে উঠে আসে, ২০১৮ সালের ৩০ অক্টোবর ইসলামী ব্যাংক বাংলাদেশের কুড়িগ্রাম শাখায় পরিচালিত পনির উদ্দিন আহমেদের মালিকানাধীন ‘হক স্পেশাল’ নামীয় হিসাব থেকে ইসলামী ব্যাংকের রংপুর শাখায় রাঙ্গার হিসাবে ২০ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরে ওই বছরের নভেম্বর মাসে সোনালী ব্যাংকের কুড়িগ্রাম শাখা থেকে চার দফায় আরও ১ কোটি ৫০ লাখ টাকা রাঙ্গার সংসদ ভবন শাখার হিসাবে জমা দেওয়া হয়। এভাবে মোট ১ কোটি ৭০ লাখ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

দুদক জানায়, এই অর্থ লেনদেন দণ্ডবিধির ১৬১, ১৬৫ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে রাঙ্গা ও পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে মো. মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে সন্দেহজনক সম্পদের তথ্য পাওয়ায় তার সম্পদের হিসাব যাচাইয়ের উদ্যোগও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তার নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।