জাতীয়

প্রবাসীদের ভোটগ্রহণে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

প্রবাসীদের ভোটগ্রহণে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
ছবি: সংগৃহীত

প্রবাসীদের ভোটগ্রহণে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বরিশালের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ জানান, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে। এ কারণে ব্যালট খাম খোলা ও ভোট গণনার প্রক্রিয়ায় তুলনামূলকভাবে বেশি সময় লাগতে পারে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে কেবল প্রিজাইডিং অফিসার কলম সঙ্গে রাখতে পারবেন, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পেন্সিল ব্যবহার করতে হবে।

ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতি আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশন বিশেষ সতর্কতা গ্রহণ করেছে। ভোট কেনাবেচা রোধে একাধিক বৈঠক করা হয়েছে এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে বলেও উল্লেখ করেন ইসি।

নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের কোনো ধরনের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ না করার নির্দেশ দিয়ে ইসি সানাউল্লাহ বলেন, অপতথ্য ও গুজব প্রতিরোধে দ্রুত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে তিনি বলেন, সততা ও নিরপেক্ষতার বিষয়ে নির্বাচন কমিশন আপসহীন থাকবে। বড় বা ছোট—সব রাজনৈতিক দলই কমিশনের কাছে সমান। নির্দেশনা অমান্য করে কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।