জাতীয়
লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই উদ্ধার হয়েছে: ইসি মাছউদ
নির্বাচনকে ঘিরে দেশে লুট হওয়া অস্ত্র নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, একটি প্রেক্ষাপটে কিছু অস্ত্র লুট হলেও তার অধিকাংশই ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং অবশিষ্ট অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ইসি মাছউদ বলেন, উদ্ধার না হওয়া যে সামান্যসংখ্যক অস্ত্র রয়েছে, তা নির্বাচনের সার্বিক নিরাপত্তায় কোনো হুমকি সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি জানান, এটি একটি নতুন ব্যবস্থা হওয়ায় কিছু ত্রুটি-বিচ্যুতি হতে পারে। তবে অনিয়মের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়—এমন কোনো সিদ্ধান্ত বা কার্যক্রম গ্রহণ করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।