জাতীয়

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম
ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি সম্পন্ন। ভোটারদের এখন কেবল ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অপেক্ষা রয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রায় সকল আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে, বাকি কিছু আসনে আগামী কয়েক দিনের মধ্যে বিতরণ শেষ হবে।”

আইনশৃঙ্খলা রক্ষার জন্য দেশের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে পুলিশ, সেনাবাহিনী ও আনসার মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই ভোট সংক্রান্ত বড় কোনো সমস্যা দেখা দেয়নি বলে তিনি জানান। ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি আশা প্রকাশ করেছেন যে ভোটের হার ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে।

এদিকে, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২। ভোটার সংখ্যা অনুযায়ী ঝালকাঠি-১ সবচেয়ে ছোট আসন (২ লাখ ২৮ হাজার ৪৩১ ভোটার) এবং গাজীপুর-২ সবচেয়ে বড় আসন (৮ লাখ ৪ হাজার ৩৩৩ ভোটার)।

নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। বিএনপি সর্বাধিক ২৮৮ জন প্রার্থী দিয়েছে। নিবন্ধিত ৯টি দল কোনো প্রার্থী দেয়নি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আড়াই শতাধিক। মোট ২ হাজার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল হয়েছে।

দেশজুড়ে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে, যেখানে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ তৈরি করা হয়েছে। ঢাকা-১২ আসনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন দুই জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা ও প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষক এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক ভোট প্রক্রিয়া নজরদারি করবেন।

পোস্টাল ভোটের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ভোটদানের জন্য নিবন্ধিত। এর মধ্যে প্রবাসী ভোটার ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ এবং দেশের অভ্যন্তরের আইসিপিভি ভোটার ৭ লাখ ৬১ হাজার ১৩৮ জন। ইতোমধ্যেই ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন প্রবাসী ভোটার তাদের ভোট দিয়েছেন।