জাতীয়

৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়: ইসি সানাউল্লাহ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ এএম

৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়: ইসি সানাউল্লাহ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৯টি সংসদীয় আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান। তিনি বলেন, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে শুধু সিসি ক্যামেরাই নয়, প্রয়োজন অনুযায়ী ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হবে বলে জানান নির্বাচন কমিশনার।

আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন রয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। পাশাপাশি দায়িত্ব পালন করছেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।

ইসি সানাউল্লাহ বলেন, দেশের ইতিহাসে এত বড় পরিসরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের নজির নেই। তাই নির্বাচন ঘিরে উদ্বেগের কারণ দেখছেন না তারা। তবে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে তা মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

এদিকে নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে গত ১৩ ডিসেম্বর থেকে পরিচালিত অভিযানে সারা দেশ থেকে ৮৫০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচন কমিশনের ধারণা, উদ্ধার হওয়া অস্ত্রের একটি বড় অংশ নির্বাচনের সময় নাশকতার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল।