জাতীয়
জালভোট ও মৃত ব্যক্তির ভোট দেওয়ার অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় জালভোট ও মৃত ব্যক্তিদের নামে ভোট দেওয়ার অভিযোগ তুলেছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ অভিযোগ করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি দল সহিংসতা ও অর্থ ছড়ানোর মতো কর্মকাণ্ডে জড়িয়েছে। তার দাবি, প্রতিদ্বন্দ্বী ওই দলের সঙ্গে বিএনপির ভোটের ব্যবধান বেশি হওয়ায় তা কমিয়ে আনতেই এসব অপকর্ম করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, অনেক কেন্দ্রে জালভোট দেওয়া হয়েছে এবং মৃত মানুষের নামেও ভোট পড়েছে। এমনকি সিল দেওয়া ব্যালটও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি বিএনপির সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দিতে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলেন মাহদী আমিন।
তবে এসব অভিযোগের মধ্যেও বিএনপির ‘বিপুল বিজয়’ সুনিশ্চিত বলে দাবি করেন তিনি। জানান, ভোট গণনা কার্যক্রম দলটির পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে নির্বাচন আয়োজন ও সম্পন্ন করায় সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বিএনপির এ মুখপাত্র।