জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কর্মদিবসে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কর্মদিবসে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন
শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই সাভার জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিনি এক মিনিট নিরবতা পালন করেন এবং পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে সচিবালয়ে তাঁর প্রথম দাফতরিক কার্যক্রম শুরু হবে। ১ নম্বর ভবনের নির্ধারিত দফতরে দুপুর সাড়ে ১২টা থেকে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে হবে বিশেষ বৈঠক, যা নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী সভা হিসেবে গুরুত্ব বহন করছে। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

q.jpg

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট বিভাগ সাজানো হয়েছে নতুনভাবে। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন, যার নেতৃত্ব দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।