জাতীয়

ই-হেলথ কার্ড চালু করার নির্দেশ প্রধানমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম

ই-হেলথ কার্ড চালু করার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য খাতের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সরকারের নীতিই হলো স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া। সে লক্ষ্যে দ্রুত ই-হেলথ কার্ড কার্যক্রম শুরু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।

বৈঠকে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এনে ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র হিসেবে চালুর বিষয়েও আলোচনা হয়। জানানো হয়, কেবল এলডিইডিরই ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব স্থাপনা জনস্বাস্থ্যসেবায় ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশে প্রতিবছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্ম হয়—এ তথ্য তুলে ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৭৪ হাজার শূন্য পদে চিকিৎসক ও কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে।

দুর্গম এলাকায় চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।