জাতীয়
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল বিমানবন্দরে ৩৬১ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রাখায় বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৬১টি ফ্লাইট বাতিল হয়েছে।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ১০ মার্চ রাত ১২টার পর আরও ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের একাধিক ফ্লাইট রয়েছে।
তবে একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে কিছু ফ্লাইট পরিচালিতও হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে মোট ২৮৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ৬টি, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ৩৯টি, ৮ মার্চ ৩১টি এবং ৯ মার্চ ৪০টি ফ্লাইট পরিচালনা করা হয়।
এ ছাড়া ১০ মার্চ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে আরও ৪৭টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ১০টি, সৌদিগামী ২০টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১৭টি ফ্লাইট রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ গন্তব্যে এসব ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যগামী মোট ৩৩০টি ফ্লাইট পরিচালিত হয়েছে বা পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।