জাতীয়

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: শাহ আমানতে আরও ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ এএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: শাহ আমানতে আরও ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সর্বশেষ সোমবার (২৩ মার্চ) একদিনে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হওয়ার পর এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং আন্তর্জাতিক ভ্রমণ কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত (এরাইভাল) ৩টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী (ডিপার্চার) ২টি ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ২টি ফ্লাইট (একটি আগমন ও একটি প্রস্থান)।

তবে ফ্লাইট বাতিলের মধ্যেও সীমিত পরিসরে কার্যক্রম চালু ছিল। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ৬টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং ৫টি ফ্লাইট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবুও শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট কার্যক্রম এখনো স্বাভাবিক হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহারে ঝুঁকি ও সীমাবদ্ধতা তৈরি হওয়ায় ফ্লাইট সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।