জাতীয়

শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় পরিবর্তন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পিএম

শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় পরিবর্তন
ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে দোকানপাট ও শপিংমলের সময়সূচিতে আংশিক পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বের নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বেশি—অর্থাৎ সন্ধ্যা ৬টার বদলে এখন রাত ৭টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখা যাবে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা ও পহেলা বৈশাখ উপলক্ষে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময় বাড়ানোর নির্দেশ দেন। আজ থেকেই নতুন সময়সূচি কার্যকর হয়েছে। এর আগে শনিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সন্ধ্যা ৬টার সময়সীমা বহাল রাখার কথা জানানো হলেও পরবর্তীতে তা পুনর্বিবেচনা করা হয়।

জ্বালানি পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ দেশে রয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের চাহিদা পূরণের মতো পেট্রোল ও অকটেনও সংরক্ষিত আছে। নতুন উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিন মাসের আগাম জ্বালানি মজুদ রাখার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, সেচ মৌসুমে কৃষকদের কথা বিবেচনায় রেখে জ্বালানি সরবরাহে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কৃষি উৎপাদনে কোনো ব্যাঘাত না ঘটে।

এর আগে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল এবং অফিস সময় নির্ধারণ করেছিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে প্রায় ৭০ লাখ ব্যবসায়ী ও বিপুলসংখ্যক কর্মচারীর জীবিকা এবং উৎসবকেন্দ্রিক কেনাকাটার চাপ বিবেচনায় সময়সীমা বাড়ানোর দাবি ওঠে। নতুন সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, যদিও অফিস সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।