জাতীয়

ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য ১৩ প‌শ্চিমা দেশের সতর্কবার্তা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম

ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য ১৩ প‌শ্চিমা দেশের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবায় নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে পশ্চিমা ১৩টি দেশ এক যৌথ বিবৃতিতে সতর্কবার্তা দিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিবৃতিটি ঢাকায় তাদের দূতাবাসগুলোর মাধ্যমে প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কোনো জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া, অথবা অনুমোদনবিহীন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে হবে। এই ধরনের অনিয়ম ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং আইনি জটিলতা সৃষ্টি করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো দেশের মিশন বা দূতাবাস কোনো এজেন্টের সঙ্গে সম্পর্কিত নয়। বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের প্রতিশ্রুতি দিয়ে যে কেউ মধ্যস্থতা করার চেষ্টা করে, তাদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনকারীদের কাছে আহ্বান জানানো হয়েছে, যাচাই করা তথ্য এবং সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিসা কার্যক্রম সম্পন্ন করতে। এতে প্রক্রিয়াটি সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য হবে।

এই যৌথ বিবৃতিতে স্বাক্ষরিত দেশগুলো হলো: যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া।