জাতীয়
২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার
দেশের প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যের স্মার্টফোন নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, স্মার্টফোনের দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নামিয়ে আনার চেষ্টা চলছে, যাতে সাধারণ মানুষ সহজেই ডিজিটাল সেবার আওতায় আসতে পারে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে এক সেমিনারে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। টেলিকম নীতিমালা বিষয়ক ওই অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিকের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়া, বিশেষ করে নিম্নবিত্ত জনগোষ্ঠীর জন্য এটি আরও সহজলভ্য করা।
তিনি আরও বলেন, মোবাইল রিচার্জে উচ্চ করের চাপ সাধারণ মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ১০০ টাকার রিচার্জে প্রায় ৩৮ টাকা কর কেটে নেওয়া হচ্ছে, যা যৌক্তিক নয় বলে উল্লেখ করেন তিনি। এ খাতে ট্যাক্স ও ভ্যাট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান।
টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে উপদেষ্টা জানান, দেশের প্রায় ৯০ শতাংশ মানুষকে ফাইভ-জি সেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সারাদেশে অন্তত ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মোবাইল সেবার মান নিয়ে গ্রাহকদের অসন্তোষের কথাও স্বীকার করেন তিনি। তার মতে, গ্রাহকরা অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত মানের সেবা পাচ্ছেন না, যা একটি বড় ব্যর্থতা। এ পরিস্থিতি পরিবর্তনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।