জাতীয়
পুলিশ কর্মকর্তাদের ফোনে বোমা হামলার সতর্কবার্তা, সদর দপ্তর বলছে ‘গুজব’
দেশজুড়ে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়ে একটি বার্তা ছড়িয়ে পড়েছে, যা শুক্রবার (৭ আগস্ট) রাতে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোনে পৌঁছায়। পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এমন বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তাদের দাবি, এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং পুরো বিষয়টি গুজব।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে দেশের সব এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে- এমন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। বলা হয়, পুলিশ হেডকোয়ার্টার্সের নামে একটি খুদে বার্তা বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ভাইরাল হওয়া বার্তায় উল্লেখ করা হয়, সারা দেশে বোমা হামলার সম্ভাবনা রয়েছে এবং রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জানাতে বলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারির খবরটি সম্পূর্ণ গুজব।
তবে পুলিশের অপারেশন পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমন বার্তা পেয়েছেন, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে।