জাতীয়
আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অনিয়ম ও দুর্নীতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের কোষাগার লুট করেছে। বিদেশি সহায়তাসহ দেশের বিভিন্ন সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রোববার, ১৩ সেপ্টেম্বর বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও এর সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করেছে। দেশে যত বিদেশি সহায়তা এসেছে, সেগুলোরও বড় অংশ চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকেও অর্থ চুরি করে ফিলিপাইনে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ফিলিপাইনে ওই অর্থ চুরির সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের সবাই এখন কারাগারে আছেন। অথচ বাংলাদেশে এ ঘটনায় জড়িত কারও বিচার হয়নি।
দেশের সরকারি কর্মকর্তাদের নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্পিকার। তিনি বলেন, আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ধরনের ঘুষ, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত। এসব কারণে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অন্যায় ও অবিচারের বিচার জনগণের দীর্ঘদিনের দাবির অপেক্ষায় না থেকেও হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে বছরের পর বছর মানুষ বিচার চেয়ে কান্নাকাটি করলেও অনেক অপরাধের বিচার হয় না।
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বিরুদ্ধেও অর্থ লুটপাটের অভিযোগ তোলেন তিনি। স্পিকার বলেন, আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করে দিয়েছেন। লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ বিদেশে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রসঙ্গ তুলে বলেন, তার লন্ডনে ৩৬০টি বাড়ি পাওয়া গেছে। এছাড়া দুবাই ও আমেরিকাতেও তার সম্পদ রয়েছে বলে দাবি করেন তিনি। এসব সম্পদ বাংলাদেশের জনগণের টাকা লুট করে অর্জন করা হয়েছে বলেও অভিযোগ করেন স্পিকার।
তিনি আরও বলেন, এখনো প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের অনেক লোক অবস্থান করছেন। এ কারণে দেশের প্রকৃত চিত্র এখনো জনগণের সামনে পুরোপুরি তুলে ধরা সম্ভব হচ্ছে না।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ, সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।