জাতীয়
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। একই সঙ্গে ওই রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার, ১৪ সেপ্টেম্বর, চেম্বার আদালতে এ আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ। তিনি জানান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সোমবারই এর শুনানি হতে পারে।
এর আগে ১০ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।
রায়ে বলা হয়, আগামী তিন অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে ওই অর্থ পরিশোধ করতে হবে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।
পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি নিয়ে প্রতিষ্ঠানটি ২০১৭ সালে পৃথক দুটি রিট করে। প্রাথমিক শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেন। তবে গত বৃহস্পতিবার নতুন হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে দেন। ফলে আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়ের সুযোগ পায় জাতীয় রাজস্ব বোর্ড।