জাতীয়
দেশে আসছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, শনিবার জানাজা ও দাফন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা আগামীকাল শনিবার রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শনিবার সকালে লন্ডন থেকে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে মরদেহ প্রথমে বাসায় নেওয়া হবে। সেখানে পরিবারের সদস্য ও স্বজনেরা তাকে শেষবারের মতো দেখার সুযোগ পাবেন।
পরে দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার মরদেহ রাখা হবে। এ সময় বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। বিকেল ৩টায় একই মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তৌফিক ইমরোজ খালিদীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান।
লন্ডনে অনুষ্ঠিত জানাজায় পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন তার ছেলে এবং বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদী। তিনি বলেন, পেশাগত জীবনে তার বাবার কিছু আদর্শ ছিল, যার সঙ্গে তিনি কখনো আপস করতে চাননি। তার বিশ্বাস ছিল, সাংবাদিকতা হতে হবে সৎ, নির্ভীক ও স্বাধীন। বাবার কাছে সাংবাদিকতা কেবল পেশা ছিল না, এটি ছিল দায়িত্ব ও ভালোবাসার জায়গা।
রাদ আরও বলেন, এই দায়িত্ব পালন করতে গিয়ে তার বাবাকে জীবনে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। সেই সময়গুলোতে যারা পাশে ছিলেন, তাদের ভালোবাসা, সাহস ও সমর্থনের জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।
বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে রাদ বলেন, আল্লাহ যেন তার সব ভুলত্রুটি ক্ষমা করে দেন এবং ভালো কাজগুলো কবুল করেন।
উল্লেখ্য, ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় গত ১ অক্টোবর রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। পরে তাকে লন্ডনের সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন ২ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।