রাজনীতি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার, চলছে পরিষ্কার কার্যক্রম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০১:০৩ পিএম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার, চলছে পরিষ্কার কার্যক্রম
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন করে প্রাণ ফেরাতে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। প্রায় এক বছর ধরে পরিত্যক্ত পড়ে থাকা ভবনটিতে ঝুলেছে নতুন দুটি ব্যানার—‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ এবং ‘জুলাইযোদ্ধার প্রধান কার্যালয়’।

দীর্ঘদিন ময়লা-আবর্জনায় ভরে থাকা ১০ তলা ভবনটি ধীরে ধীরে আবার পরিচ্ছন্ন করা হচ্ছে। বুধবার (২৪ জুলাই) সকাল থেকেই ভবনের নিচতলা পরিষ্কারের কাজ শুরু হয়। পরদিন বৃহস্পতিবার ভবনের দোতলা ও তৃতীয় তলায় ময়লা সরানোর দৃশ্য দেখা গেছে। কাজ করছেন অন্তত ১০-১২ জন শ্রমিক।

ভবনের আশপাশে অবস্থানরত ব্যক্তিরা জানিয়েছেন, পুরো ভবনটিই ধাপে ধাপে পরিষ্কার করা হবে। এ সময় কেউ কেউ ভবনটির ছবি তুলতে দেখা গেছে—আবার কেউ আবার বিস্ময় নিয়ে পর্যবেক্ষণ করছেন ভবনটিতে কী হচ্ছে।

পরিষ্কারের কাজে নিয়োজিতরা জানান, ভবনটি পুরোপুরি পরিষ্কার করার পর তা হস্তান্তর করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে। তারা বলেন, ভবনটির একটি অংশে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে” আহত ও শহীদ পরিবারদের জন্য অফিস গড়ে তোলা হবে। তবে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ সম্পর্কে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের সময় বিকেলে আওয়ামী লীগের এই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। আসবাবপত্র লুট, ধাতব সামগ্রী খুলে নেওয়া, ভবনের অভ্যন্তরকে ভাসমান মানুষের নেশার আস্তানা ও শৌচাগারে পরিণত করার ঘটনাও ঘটেছে। ভবনটির আশপাশে দীর্ঘদিন ধরে উৎকট গন্ধে চলাচল করাও কঠিন হয়ে পড়ে।

এর আগে ভবনের সামনে ‘জুলাইযোদ্ধার প্রধান কার্যালয়’ ব্যানার টানানো হলেও ভবনটির কোনো কার্যক্রম দেখা যায়নি। এবার নতুন ব্যানার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ভবনটি পুনঃউদ্বোধনের আভাস মিলছে।

উল্লেখ্য, গুলিস্তানের এই নতুন ভবনটি ২০১৮ সালের ২৩ জুন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ১০ কোটি টাকা।