রাজনীতি
গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ
গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে ধ্বংস করার নানা চেষ্টা হচ্ছে, তবে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের শিরোনাম ছিল— ‘আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও’।
ডা. জাহিদ হোসেন বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র আমাদের অগ্রযাত্রা থামিয়ে দিতে চাইছে। কিন্তু আমরা সবাইকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করব। আজ আমরা সেই শপথ নিচ্ছি।”
তিনি ১২ দলীয় জোট নেতাদের উদ্দেশ্যে বলেন, “অতীতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এখনও আছেন। ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার অভিযাত্রায়ও আপনারা আমাদের পাশে থাকবেন—এ প্রত্যাশা করি।”
ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সে প্রসঙ্গে তিনি বলেন, “আগামী দিনের বাংলাদেশ হবে জনগণের আস্থার বাংলাদেশ। একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, স্বাস্থ্যব্যবস্থা হবে আধুনিক, কৃষি হবে সমৃদ্ধ, জনপ্রশাসন হবে জবাবদিহিমূলক। ৩১ দফা কর্মসূচির মাধ্যমে বিএনপিসহ গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল জুলাই মাসে যে ভবিষ্যৎ রূপরেখা ঘোষণা করেছে—এটাই হবে আগামীর বাংলাদেশ গড়ার নকশা।”
তিনি আরও যোগ করেন, “আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথে এমন এক ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলব, যাতে ফ্যাসিবাদের দোসররা কোনোভাবেই ফাঁকফোকর দিয়ে প্রবেশ করতে না পারে।”
সমাবেশে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তমিজ উদ্দিন টিটু। এতে আরও বক্তব্য রাখেন—এলডিপির একাংশের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টি (কাজী জাফর) এর আহসান হাবিব লিংকন, লেবার পার্টির একাংশের ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, ইসলামিক পার্টির আবুল কাশেম এবং ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম প্রমুখ।