রাজনীতি

বিএনপি থেকে বহিষ্কার কুমিল্লার মঞ্জুরুল আহসান মুন্সী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম

বিএনপি থেকে বহিষ্কার কুমিল্লার মঞ্জুরুল আহসান মুন্সী
ছবি: সংগৃহীত

ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করেছে। প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী বক্তব্য এবং কার্যকলাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য। ঋণখেলাপির দায়ে তার সংসদ সদস্য পদ ও নির্বাচনি মনোনয়ন বাতিল হয়েছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তার বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় গেলে এবং ভোটাররা অন্য কোথাও ভোট দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে বিবেচনা করে বিএনপি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।