রাজনীতি

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি : সালাহউদ্দিন আহমদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি : সালাহউদ্দিন আহমদ
সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার গুলশান কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট আছে নির্বাচন কমিশনের। স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার। সে হিসেবে আগামীকাল সংসদ সদস্যদের শপথ করাবেন সিইসি।”

তিনি আরও জানান, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বর্তমান সংবিধানে নির্বাচন কমিশারের এখতিয়ার নেই। যদি সংবিধানে সংশোধনের মাধ্যমে এটি অন্তর্ভুক্ত করা হয় এবং শপথের দায়িত্ব নির্ধারিত হয়, তখনই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ সম্ভব হবে।

দলের অন্য স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, “দেশের সকল বিভাগেই চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতি, শিক্ষা, চিকিৎসাসহ সকল ব্যবস্থা ভেঙে গেছে। দেশের পরিস্থিতি উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপের প্রয়োজন।”

বিএনপির এই মন্তব্যের মাধ্যমে দেখা যায়, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগকে তারা সমর্থন করছে, তবে সংবিধান সংক্রান্ত সীমাবদ্ধতা এবং বাস্তব সমস্যার প্রতিও তারা সতর্ক।