রাজনীতি
সংসদের দুই স্থায়ী কমিটিতে নতুন দায়িত্ব পেলেন সেলিমা রহমান ও নিপুন রায়
জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপির দুই সংসদ সদস্য সেলিমা রহমান ও নিপুন রায় চৌধুরী।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সেলিমা রহমানের নাম অনুমোদন করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তা পাস হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমানকে সভাপতি করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা ও বিলকিস বেগম।
অন্যদিকে রফিকুল ইসলাম জামালকে সভাপতি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী।
কমিটির অন্য সদস্যরা হলেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, মোহাম্মদ শামীম কায়সার, আতাউর রহমান খান, নূরুল আমিন, সূবর্না সিকদার, মো. নূরুল আমিন, মো. আবুল হাসান ও মো. আব্দুল খালেক।
এদিন জাতীয় সংসদে আরও আটটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এসব কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, সংসদে জবাবদিহি নিশ্চিত করা এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্ব পালন করবে।